যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার বিষয়ে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য, ডেনমার্কসহ একাধিক ইউরোপীয় দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব ধরনের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে।
ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। পরবর্তীতে ১ জুন ২০২৬ থেকে শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, গ্রিনল্যান্ডের “সম্পূর্ণ ও চূড়ান্ত ক্রয়” বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক ব্যবস্থা বহাল থাকবে।
পোস্টের শুরুতে ট্রাম্প দাবি করেন, তিনি বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কেউ কার্যকর ভূমিকা রাখতে পারবে না।
তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলো এমন এক ঝুঁকিপূর্ণ বাস্তবতা তৈরি করেছে, যা টেকসই কিংবা গ্রহণযোগ্য নয়। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, গ্রিনল্যান্ড যুক্ত না হলে এই প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ কার্যকারিতা ও দক্ষতায় কাজ করতে পারবে না।
ট্রাম্পের এই ঘোষণাকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।