আসন্ন শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা নির্বাচন-২০২৬ উপলক্ষে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোসা. মমতাজ বেগম রুমা। তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মোসা. মমতাজ বেগম রুমা গোসাইরহাট পৌর শহরের দাশের জঙ্গল বাজারের ব্যবসায়ী বৈশাখী ডিজিটাল প্রিন্টের মালিক মো. আক্তার হোসেনের বড় বোন এবং স্থানীয় ব্যবসায়ী মো. আনিছ ঢালীর স্ত্রী।
নিজের প্রার্থিতা ঘোষণা করে মমতাজ বেগম রুমা বলেন, “অবহেলিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উন্নয়নকে সামনে রেখে দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব, বৈষম্যহীন এবং নারীদের কর্মসংস্থানমুখী একটি আদর্শ স্মার্ট ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে আমি আগামী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছি।”
তিনি আরও বলেন, “এ জন্য আমি তিনটি ওয়ার্ডের মুরব্বি, ভাই, বন্ধু, মা-বোনসহ সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের পাশে থেকে মেহনতি মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়ন বাস্তবায়নের সুযোগ দিন।”
পরিশেষে মমতাজ বেগম রুমা সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।