আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ-৫ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এর আগে গত ১০ ডিসেম্বর নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামে এনসিপি। ঘোষিত তালিকা অনুযায়ী নওগাঁ-৫ (সদর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
এনসিপির ঘোষিত প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন—নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর): কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট): জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী): পরিমল চন্দ্র উরাও এবং নওগাঁ-৪ (মান্দা): জেলা কমিটির সদস্য আব্দুল হামিদ।
এদিকে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে এখনো প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে দলটি।
মনিরা শারমিনের প্রার্থিতা প্রত্যাহারের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে দলীয় সূত্রে বিস্তারিত কিছু জানানো হয়নি।