বিস্তারিত এলাকা পরিকল্পনা (ড্যাপ) সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজউকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সঙ্গে রিহ্যাবের ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্যরা মতবিনিময় করেন। রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে বেশ কিছু অসংগতি ও বৈষম্য রয়েছে, যা আবাসন খাতের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। তিনি সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সিটি সেন্টারের মতো বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরও সম্প্রসারণের দাবি জানান।
তিনি আরও বলেন, দেশের পরিকল্পিত উন্নয়নের জন্য কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে ঢাকার ওপর চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ঋণ সুবিধা ও প্রণোদনা দেওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ড্যাপ ও আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে দীর্ঘ পরিসরের একটি আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দেন। রাজউক চেয়ারম্যান প্রস্তাবটি গ্রহণ করে ভবিষ্যতে এ বিষয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন।
এ সময় ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, “দেশ সবার। সবার জন্য একটি পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।” তিনি আবাসন খাতের উন্নয়নে রিহ্যাবের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, পরিচালক ডা. এন. জোহা, আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া মজুমদার, আলহাজ্ব প্রফেসর ফারুক আহমদ, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মো. ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম এবং মো. এমদাদুল হোসেন সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে আবাসন খাতের টেকসই উন্নয়ন, নগর পরিকল্পনা এবং ড্যাপ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।