ঢাকা-৮ আসনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফটকের বাইরে অবস্থান নেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের অনুসারীরা। এ সময় কার্যালয়ের ভেতরে ছিলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দল জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা।
মূল ফটকের বাইরে বিএনপির নেতা-কর্মীরা মির্জা আব্বাসের নামে স্লোগান ও করতালি দিয়ে তাঁকে ঢাকা-৮ আসনের বিজয়ী দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেটের ভেতরে পুলিশ সতর্ক অবস্থানে থাকে। একপর্যায়ে সেখানে সেনাসদস্যরাও এসে অবস্থান নেন।
ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ১৬ হাজার ৭৯০ ভোট এবং এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট।
নির্বাচনী ফল নিয়ে উত্তেজনার মধ্যেই রাত পৌনে ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এরপর থেকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কক্ষে কয়েকজন নেতা-কর্মীসহ অবস্থান করছেন। বিএনপির নেতা-কর্মীদের দাবি, তিনি কয়েকটি কেন্দ্রে বাতিল হওয়া ভোটকে বৈধ হিসেবে গণ্য করা এবং কিছু কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবি জানাতে সেখানে গেছেন।
এই পরিস্থিতিতে রাত পৌনে ১টার দিকে এনসিপির কয়েকজন নেতা-কর্মীও ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে আসেন। রাত পৌনে ২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান এজেন্ট শাহীন আহমেদ খান অভিযোগ করেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল ভোটগুলো বৈধ হিসেবে গণ্য করার জন্য মির্জা আব্বাস ও তাঁর অনুসারীরা চাপ সৃষ্টি করছেন।
তিনি আরও বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষে ফলাফলের কাগজ হাতে পাওয়া গেলেও পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে। তার অভিযোগ অনুযায়ী, কিছু কেন্দ্রে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না এবং সংশ্লিষ্টদের জিম্মি করে রাখা হয়েছে। পাশাপাশি পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভোট গণনা শেষ হলেও ফল প্রকাশে বাধা দেওয়া হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি নিজেও ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রাখার অভিযোগ তুলেছেন।