দেশের দারিদ্র্য দূর করে মানুষের জীবনমান উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
শুক্রবার রাজধানীর ঢাকার মাদানী এভিনিউয়ে আয়োজিত Junior Chamber International Bangladesh কার্নিভাল-২০২৬ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতের উন্নয়ন এ সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, জেসিআই বাংলাদেশ একটি অলাভজনক বৈশ্বিক তরুণ সংগঠন, যা নেতৃত্ব উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে।