গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখনো নানা ধরনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা দেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না। চক্রান্তের কাছে মাথা নত না করে জনগণের ঐক্যের শক্তিতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, যারা দেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাদের ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই। দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীদের ক্ষমা করারও কোনো কারণ থাকতে পারে না। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন কোনো ফ্যাসিস্ট শক্তিকে আবার মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ধানের শীষকে বেছে নিয়ে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে তিনি বিশ্বাস করেন। এই দেশে জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ প্রতিহিংসার সময় হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরাজিত ফ্যাসিস্টরা পলাতক অবস্থায় থেকেও হাদি ও এরশাদউল্ল্যাহর ওপর হত্যাচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
এ সময় তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। উদ্বেগের মধ্যেও বিএনপি অনুপ্রাণিত উল্লেখ করে তার আগমন উপলক্ষে নজিরবিহীন সংবর্ধনার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।