দেশে জ্বালানি তেল নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। দেশে পর্যাপ্ত তেল রয়েছে এবং সরবরাহ অব্যাহত আছে। প্রয়োজনের অতিরিক্ত তেল না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ সংকট সমাধানে দিনরাত কাজ চলছে এবং দ্রুত সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও জানান, ভর্তুকি দিয়েও সরকার জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে। জনগণের স্বার্থ বিবেচনায় এখনো দাম বাড়ানো হয়নি। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। তার মতে, জনগণ সহযোগিতা করলে তেলের কোনো সংকট হবে না।
সরবরাহ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে ঈদ উপলক্ষে দুই দিন সরবরাহ বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হয়েছিল, যা এখন স্বাভাবিক হয়েছে।
এদিকে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা পরিস্থিতির কারণে যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ দাবি করা হয়।