চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার বেলা ১০টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথের পাশে সন্দেহজনক বস্তুটি দেখতে পান। পরে তারা বিষয়টি মৎস্য কমিটির সদস্যদের জানান। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, জনবহুল একটি স্থানের প্রবেশমুখে এমন বস্তু পড়ে থাকতে দেখে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার পর কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ কয়েকজন নেতা দাবি করেন, উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের কোনো নাশকতার পরিকল্পনার অংশ হতে পারে বলে তাদের ধারণা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে বস্তুটির প্রকৃতি কিংবা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়।