শনিবার ভোর সাড়ে ৫টায় পৌরমার্কেট–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ট্রাকচালক মোহাম্মদ মামুন (২৮) ও তাঁর সহকারী রুবেল হোসেন (১৯)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, খালি গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলা শাহ ফাতেহ আলী পরিবহনের একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। বাসটি দ্রুত এগিয়ে গেলেও ট্রাকটি ডিভাইডারে উঠে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে চালক মামুন ও সহকারী রুবেল কেবিনের ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, 'ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে গেলে চালক ও সহকারী আটকে যান। আমরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাই।'
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, আহতদের মাথা, বুক ও পায়ে গভীর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।