বর্তমানে দেশে গুম ও ক্রসফায়ারের ঘটনা নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে এবং আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বুধবার (২৪ জুন) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে রিজভী বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে একটি আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে উল্লেখ করে রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করে তিনি বলেন, তারা নতুন করে ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। তবে তাদের বক্তব্য ও কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায় বলে দাবি করেন তিনি।