ব্রাহ্মণবাড়িয়ায় কাশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পাইপগান উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন সড়কের পাশে কাশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।
বুধবার দুপুর দেড়টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন সড়কের পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার পাশের কাশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পাইপগান উদ্ধার করা হয়। পাইপগানটি আকারে ছোট হওয়ায় বহন ও ব্যবহারে সুবিধাজনক। এটি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা পাইপগানটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।