ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে শনিবার যুবদল ও বিএনপি নেতার অনুসারীদের মধ্যে লাঠি-সোঁটা ও বল্লম নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং কয়েকটি দোকান ও বসতবাড়ি ভাঙচুরের শিকার হয়েছে।
স্থানীয়রা জানান, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল আজিজ (৪৫) ও বিএনপি নেতা আবদুল খালেকের (৪৭) অনুসারীদের মধ্যে এলাকাজুড়ে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল। শুক্রবার রাত ৯টার দিকে গাজী আবদুল আজিজের নেতৃত্বে কয়েকজন আবদুল খালেককে বাজার থেকে বের করে দেয়। এরপর শনিবার বেলা ১১টার দিকে আবদুল খালেকের অনুসারীরা তাকে মারধর করে গুরুতর আহত করেন।
এরপর উত্তেজনা আরও বেড়ে গিয়ে সকাল থেকেই অরুয়াইল বাজারের অধিকাংশ দোকান বন্ধ থাকে। বেলা দুইটার দিকে ধামাউড়া ও রাণীদিয়া গ্রামের মানুষরা ইট-পাটকেল, লাঠি ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়। গুরুতর আহত গাজী আবদুল আজিজকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়, অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, 'এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।'