ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মো. আলমগীর (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায় নিহত আলমগীরের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলমগীর গুড়িগ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রোববার রাতে হঠাৎ করে তাঁর বসতঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আলমগীর ঘরের ভেতরে আটকা পড়েন। ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভেতরে আটকা পড়া আলমগীরকে উদ্ধার করা যায়নি। দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।