টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় যান ডা. শফিকুর রহমান। সেখানে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতির খোঁজ নেন। পাশাপাশি দুর্গতদের মধ্যে শুকনো খাবার ও নগদ সহায়তা বিতরণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী সফর শেষে তিনি সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন। এছাড়া চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের কর্মসূচিও রয়েছে।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এখনো অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
পরিদর্শনকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।