কিছুদিন আগে রাজধানীর বায়ুমানে সামান্য উন্নতির আভাস মিললেও দূষণের মাত্রা আবার বেড়ে গেছে। ফলে নগরবাসী মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছেন বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
আইকিউএয়ারের প্রকাশিত একই তালিকায় ২৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের কলকাতা, ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা এবং ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। তবে একিউআই স্কোর ৩০১ অতিক্রম করলে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ বা অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।
এই হিসেবে ঢাকা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এ পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। সাধারণ মানুষের ক্ষেত্রেও ঘরের বাইরে দীর্ঘ সময় অবস্থান করা বা ভারী শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
পরিবেশ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার বায়ুদূষণের মধ্যে থাকলে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, হাঁপানি ও অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়।