চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে তার কঠিন পরিণতি হবে। তিনি বলেন, জনগণ আর কোনো অনিয়ম বা হুমকি-ধামকি মেনে নেবে না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, “আমরা চাই একটি সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন হোক। কারও হুমকি বা চাপ জনগণ মেনে নেবে না। ভোটে ইঞ্জিনিয়ারিং করার চিন্তা মাথা থেকেও বাদ দিতে হবে। যদি ভোটকেন্দ্রে গত ১৫ বছরের মতো কোনো অনিয়ম দেখা যায়, তাহলে পরিস্থিতি কী হবে তা ভাষায় প্রকাশ করা কঠিন।”
তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “জামায়াতে ইসলাম দীর্ঘদিন ধরে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলেছে। এখন তারা বলছে, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন চালু করবে না। এতে তাদের মৌলিক রাজনৈতিক দর্শনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান স্পষ্ট হয়েছে।”
চারবারের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলে সমাজে বিভাজন সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, জামায়াত গ্রাম পর্যায়ে নারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান।
জনসভায় তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকারও করেন তিনি।