জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত বলে দাবি করে আন্দোলনের ডাক দিয়েছে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ জনগোষ্ঠীর একটি অংশ। আগামীকাল বুধবার (২৩ ডিসেম্বর) বিভিন্ন দেশের স্থানীয় সময় দুপুর ১২টায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করার ঘোষণা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) জেনারেল কাউন্সেল গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন।
জানা গেছে, ঢাকাসহ পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করবে শিখ জনগোষ্ঠী। এ সময় তারা সংশ্লিষ্ট কনস্যুলেট বন্ধের দাবিও জানাবে।
গুরপতওয়ান্ত সিং পান্নুন বলেন, নিজ নিজ স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ১২টায় ভারতীয় কনস্যুলেটগুলো বন্ধ করার কর্মসূচি পালন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশে ছাত্রনেতাদের বিরুদ্ধে ভারতের সরকারের কথিত হত্যার পরিকল্পনা এবং মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার উৎখাতের ষড়যন্ত্র আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, শিখস ফর জাস্টিস বাংলাদেশের অভ্যন্তরে ভারতের গুপ্তহত্যার পরিকল্পনার বিষয়টি বিশ্ববাসীর সামনে আনতে চায়। তাঁর দাবি, ভারত ইতোমধ্যে ওসমান হাদিকে হত্যা করেছে। ভারতীয় দূতাবাসগুলোকে তারা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কেন্দ্র হিসেবে মনে করে, যেখান থেকে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়।
এই শিখ নেতা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকেও হাদি হত্যার জন্য দায়ী করেন। তাঁর অভিযোগ, দূতাবাস থেকেই হত্যাকাণ্ড, গুপ্তচরবৃত্তি ও নজরদারির কার্যক্রম পরিচালিত হয়। এ কারণেই ঢাকা, ইসলামাবাদ, মেলবোর্ন, লন্ডন, মিলান, টরন্টো, ভ্যাঙ্কুভার ও ওয়াশিংটন ডিসি থেকে একযোগে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।