বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘ডিসেম্বরে দেশে ফিরবেন’ বলে যে বক্তব্য দিয়েছেন, সে প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রত্যর্পণ প্রক্রিয়ায় চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, “তিনি (শেখ হাসিনা) আসবেন, আমরা যদি তাকে প্রত্যর্পণ করে আনতে পারি—আমরা সেই চেষ্টাই করছি। তিনি এলে আমরা স্বাগত জানাব।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হবে। জনগণ তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, সরকার জনগণের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে চায়। জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিরও অংশগ্রহণ ও ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যথাযথ মর্যাদায় জুলাই পালন করা হবে।