বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা ও ভোটার স্লিপসহ দুই বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মাধবপাশা এলাকায় দুইটি মোটরসাইকেলে চলাচলরত দুজনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত ভোটার স্লিপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দেন। আটককৃতরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী।
ঘটনার পরপরই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সারাদেশে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সূত্র: জনকণ্ঠ