আফগানিস্তানে চালানো পাক অভিযানে ৮০টিরও বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি।
সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্সে' দেওয়া এক বার্তায় লেখেন, ‘আগ্রাসনের জবাবে পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।’
এদিকে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানে হামলা চালিয়ে ১৯টি সামরিক চৌকি এবং দুটি ঘাঁটি দখল করেছে। এ সময় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলেও দাবি মন্ত্রণালয়ের।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা।
এ হামলার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২ শতাধিকের বেশি।
এছাড়া, আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ইতোমধ্যে ধ্বংস করা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।
এক্স বার্তায় তিনি বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছেন পিএএফ। সেই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।