আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং দুর্নীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর মতে, এই দুটি ক্ষেত্র কার্যকরভাবে সামাল দিতে পারলে দেশের বহু সমস্যার সমাধান অনেকাংশেই সম্ভব।

বিএনপি আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল–মেকিং প্রতিযোগিতার বিজয়ী ১০ জন তরুণ–তরুণীর সঙ্গে একান্ত আলাপে নিজের ভাবনা ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন তারেক রহমান। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোনো মঞ্চ বা সাউন্ড সিস্টেম ছিল না। পার্কের উত্তর–পূর্ব দিকে লেকের ওপর কাঠের পাটাতনের উন্মুক্ত স্থানে ১২টি চেয়ার বসিয়ে আয়োজন করা হয় এই আলাপচারিতা। সেখানে বিজয়ীরা বিভিন্ন বিষয়ে কখনো প্রশ্ন করেন, কখনো তারেক রহমানের মতামত জানতে চান।

আলোচনায় তারেক রহমান বলেন, প্রথমেই আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে, যাতে সবাই রাস্তায় নিরাপদে চলাচল করতে পারেন। একই সঙ্গে যেকোনোভাবে দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। তাঁর ভাষায়, দুর্নীতির ধরন ভিন্ন ভিন্ন হলেও প্রতিটি স্তরে তা মোকাবিলার উদ্যোগ নিতে হবে। আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে উন্নতি হলে অন্যান্য সমস্যাও অনেকটাই কমে আসবে বলে তিনি মনে করেন।

এই দুটি বিষয় তাঁর সামগ্রিক পরিকল্পনার অংশ বলেও জানান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে ঢাকার পূর্বাচলে এক গণসংবর্ধনায় তিনি ‘আই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্য করলেও সেদিন বিস্তারিত কিছু বলেননি। পরবর্তীতে বিভিন্ন সভা ও সমাবেশে তিনি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি গাছ রোপণসহ একাধিক পরিকল্পনার কথা উল্লেখ করছেন।

রাজধানীর যানজট নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, তিন কোটির বেশি মানুষের শহরে যানজটের পেছনে সড়কের নকশা, গণপরিবহন ব্যবস্থা এবং ঢাকাকেন্দ্রিক সুযোগ–সুবিধাসহ নানা কারণ রয়েছে। এর সমাধানে তিনি মনোরেল চালু, রাজধানীর আশপাশের জেলাগুলোর সঙ্গে রেল যোগাযোগ উন্নত করা এবং ঢাকার ভেতরে ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রস্তাব দেন।

মেট্রোরেল প্রসঙ্গে তিনি বলেন, এটি ব্যয়বহুল প্রকল্প। বিকল্প হিসেবে মনোরেল চালু করা যেতে পারে, যা সহজে স্থাপনযোগ্য, প্রয়োজনে সরানো সম্ভব এবং যাত্রীদের জন্য খরচও কম হতে পারে।

শিক্ষাব্যবস্থা সংস্কার নিয়ে তারেক রহমান বলেন, লেখাপড়াকে সহজ ও আনন্দমুখর করে তুলতে চান তিনি। তাঁর মতে, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করা গেলে তারা স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনায় যুক্ত হবে। তিনি জানান, ভূগোলের মতো বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ৩০ নম্বর খেলাধুলার সঙ্গে যুক্ত করার চিন্তা রয়েছে, যাতে শিক্ষার্থীরা আগ্রহী খেলায় অংশগ্রহণের মাধ্যমে পাস করতে পারে।

সরকার গঠন করতে পারলে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়া মন্ত্রণালয়কে একটি সমন্বিত টিমের আওতায় এনে কাজ করার পরিকল্পনার কথাও জানান বিএনপির চেয়ারম্যান।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাছে বেঁধে একটি কুকুরকে পিটিয়ে হত্যার ভিডিও তাঁকে ভাবিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এমন নিষ্ঠুরতা কেন ঘটছে, তা নিয়ে ভাবার সময় এসেছে। শিক্ষাব্যবস্থায় পশুপাখি লালন–পালনের বিষয় অন্তর্ভুক্ত করার কথাও তিনি জানান।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বামীহারা নারী, সিঙ্গেল মাদার এবং নানা সামাজিক সংকটে থাকা নারীরাও এই ব্যবস্থার আওতায় আসবেন। তিনি বলেন, বর্তমানে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় ১৩৮টি প্রকল্প থাকলেও সেগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। কেউ একাধিক সুবিধা পাচ্ছেন, আবার কেউ কিছুই পাচ্ছেন না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সহায়তাকে সমন্বিত ও সর্বজনীন করার পরিকল্পনা রয়েছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গত ডিসেম্বর মাসে বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে রিল–মেকিং প্রতিযোগিতার আয়োজন করে। গত বছরের ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় ২ হাজার ৩০০ জন অংশ নেন। এক মিনিটের রিলের মাধ্যমে অংশগ্রহণকারীরা আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন। বিজয়ী ১০ জন হলেন তৌফিকুর রহমান, ফাতিহা আয়াত, রাফায়েতুল আহমেদ, শেখ রিফাদ মাহমুদ, মো. ইসরাফিল, সাজেদুর রহমান, শেখ মো. ইকতারুল ইসলাম, জারিন নাজনীন, রিফাত হাসান ও রামেসা আনজুম।

আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হয়রানি বন্ধের বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, সাইবার বুলিং ও অ্যাসিড হামলার ভয়াবহতা সম্পর্কে যদি ছোটবেলা থেকেই শিশুদের সচেতন করা যায়, তাহলে তারা ন্যায়–অন্যায়ের পার্থক্য বুঝতে শিখবে।

এ সময় আলোচনায় যুক্ত হয়ে জাইমা রহমান বলেন, শিশুদের শুরু থেকেই সঠিক ও ভুলের ধারণা দেওয়া গেলে যেকোনো ধরনের হয়রানি ও সহিংসতা অনেকাংশে কমে আসবে। তিনি ডিজিটাল শিক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে জাইমা রহমান বলেন, ফেসবুকসহ বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর স্থানীয় কার্যক্রম বাংলাদেশে নেই, এগুলোকে দেশে আনার উদ্যোগ নিতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা