সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো সম্মাননায় ভূষিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মো. ইরফান উদ্দিন ইরো।
গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকায় অবস্থিত ডব্লিউভিএ (WVA) অডিটোরিয়ামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মার্ট উদ্যোক্তা ফোরাম-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে “বিজয় কীর্তিমান সম্মাননা–২০২৫” প্রদান করা হয়।
উল্লেখ্য, এটি ইরফান উদ্দিন ইরোর দ্বিতীয় বড় সম্মাননা। এর আগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন-এর দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বর্ষসেরা সম্মাননা লাভ করেন। ওই অনুষ্ঠানে সমাজসেবা ও সাংবাদিকতা ক্যাটাগরিতে অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন-এর হাত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন।
স্মার্ট উদ্যোক্তা ফোরাম আয়োজিত এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, অভিনেতা সৈয়দ শুভ্র, সাংবাদিক পান্থ আফজালসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা শিউলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এবং আবৃত্তি শিল্পী সৌখিন আজিজ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ৩০ জন গুণীজনকে তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিক ইরফান উদ্দিন ইরো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার সন্তান। তার বাবা হাজী মো. ইসলাম এবং মা মারিয়াম বেগম। তিনি শাহপরীর দ্বীপ থেকে এসএসসি, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি, কক্সবাজার সিটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। শৈশব থেকেই তিনি অরাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।