হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
এবার দানবাক্স থেকে চার বস্তা টাকা পাওয়া গেছে। এর মধ্যে লাল রঙের নোটের পরিমাণ বেশি দেখা গেছে বলে জানা গেছে। টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন শাহজালাল (রহ.) মাজার মাদ্রাসার শিক্ষার্থীরা।
গণনা কার্যক্রমে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং নবগঠিত মাজার কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।
এর আগে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন চারটি দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি ডেক সিলগালা করা হয়। গত ২২ জুন প্রথম দফায় চার দিনে সংগৃহীত ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা গণনা করে সোনালী ব্যাংকের বিশেষ হিসাবে জমা রাখা হয়েছিল।
মাজারের দানবাক্স ও ডেকের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।
উল্লেখ্য, দানবাক্স খোলার পর মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে সিলেটে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে মাজারের আর্থিক কাঠামো আধুনিকায়নে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে সরকার।