বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটে ফেসবুকে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।” তার এই সংক্ষিপ্ত পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট হয়ে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার প্রথম প্রহর ১২টা ১৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই বিমানে তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বিমানবন্দরে পৌঁছে তারেক রহমান ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছুক্ষণ অবস্থান করবেন। এরপর কুড়িল হয়ে সড়কপথে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মিত গণসংবর্ধনা মঞ্চে যাবেন তিনি। সেখানে সমবেত নেতাকর্মী ও জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত তিনি ওই এলাকায় অবস্থান করবেন।
পরবর্তীতে বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে অবস্থান করার কথা রয়েছে। এরপর তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ‘ফিরোজা’য় যাবেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, প্রস্তুত রাখা হয়েছে সোয়াট টিম।