জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন আগামী বছরের (২০২৭ সালের) ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্যের ভাষণে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, “২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। আমি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তনের আয়োজন করতে আগ্রহী। এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।”
এর আগে গত বছর অনুষ্ঠিত ৪২তম সিনেট অধিবেশনে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সমাবর্তন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন উপাচার্য। তবে এবার তা পুনর্নির্ধারণ করে ২০২৭ সালের ফেব্রুয়ারির কথা জানানো হয়েছে।
অধিবেশনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান জনবল ও শিক্ষার্থীদের সার্বিক পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে মোট ১২ হাজার ১৯৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এছাড়া এমফিল গবেষকের সংখ্যা ৯১৬ জন এবং পিএইচডি গবেষকের সংখ্যা ৯৫৪ জন।
প্রাতিষ্ঠানিক জনবলের চিত্র তুলে ধরে তিনি আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৭০৭ জন শিক্ষক, ৩৯২ জন কর্মকর্তা, ৯৯৮ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ৪৫৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে ৪৭ জন শিক্ষক কর্মরত আছেন।
দীর্ঘ সাড়ে তিন দশক পর জাকসু মনোনীত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সিনেট অধিবেশনে উপাচার্যের সমাবর্তন-সংক্রান্ত ঘোষণায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।