সপরিবারে যুক্তরাজ্যের লন্ডন ছেড়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তাঁদের বহনকারী ফ্লাইট ছেড়ে যায়।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং কয়েকজন সফরসঙ্গী। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে বৃহস্পতিবার দেশে পৌঁছাবেন বলে জানা গেছে।
এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান ও তাঁর পরিবার।
উল্লেখ্য, ২০০৭ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করে লন্ডন থেকে বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তিনি দেশে ফিরছেন।
দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বিএনপি শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে।