আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি পরিচালনা করা হবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সারজিস আলম বলেন, গত বছরও জুলাই পদযাত্রা করা হয়েছিল। এবার কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, উপজেলা ও পৌরসভাভিত্তিক এ পদযাত্রার পাশাপাশি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় এবং সাংস্কৃতিক আয়োজনও থাকবে। স্থানীয় নির্বাচনে যেসব ১০০টি উপজেলা ও পৌরসভায় দল প্রার্থী দেবে, সেসব এলাকাকে কেন্দ্র করেই পদযাত্রা পরিচালনা করা হবে।
এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, এবং কৃষিপণ্যের দাম বৃদ্ধির মতো বিষয়ও কর্মসূচিতে তুলে ধরা হবে বলে জানান তিনি।
সারজিস আলম আরও বলেন, কর্মসূচির অংশ হিসেবে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে ‘জাতীয় কৃষকশক্তি’ নামে নতুন একটি অঙ্গসংগঠনের আত্মপ্রকাশ ঘটবে।
তিনি জানান, ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও একই দিন রাতে সাভার উপজেলায় পদযাত্রা শুরু হবে। পরবর্তীতে ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে।