সোমবার (৪ মে) আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক এ রিট করেন। তার পক্ষে অ্যাডভোকেট সুবীর নন্দী দাস আদালতে বিষয়টি উপস্থাপন করেন।
রিট আবেদনে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করা হয়েছে। এতে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় ব্যর্থ। পাশাপাশি, সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেই চুক্তিটি সম্পাদন করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
এতে আরও দাবি করা হয়, চুক্তির ফলে বাংলাদেশের ওপর অসম শুল্ক কাঠামো আরোপের ঝুঁকি তৈরি হয়েছে, যা নীতিনির্ধারণে স্বাধীনতা সীমিত করতে পারে। একই সঙ্গে দেশীয় শিল্প, কৃষি খাত এবং পরিবেশের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাবের বিষয়টিও তুলে ধরা হয়েছে।