বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর রাজনৈতিক অঙ্গীকার ও দায়িত্ববোধের কথা তুলে ধরে বলেছেন, একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন—যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই পথযাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।
পোস্টে তিনি লেখেন, মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে তিনি তাঁর প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।
খালেদা জিয়াকে সমগ্র জাতির মা হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষাধিক মানুষ একসঙ্গে এসে যেভাবে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন এবং এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন, তা তাঁকে আবারও মনে করিয়ে দিয়েছে—তিনি শুধু তাঁর ব্যক্তিগত মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।
বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁর লেখায় উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, এই সহমর্মিতা তাঁদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে।
শোকের এই সময়ে তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকেও স্মরণ করেন। একই সঙ্গে তিনি বলেন, আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তাঁর পরিবার হয়ে উঠেছে।
মায়ের রেখে যাওয়া দায়িত্ব ও উত্তরাধিকার বহনের কথা উল্লেখ করে তারেক রহমান লেখেন, তাঁর মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ সেই দায়িত্ব তিনি গভীরভাবে অনুভব করছেন। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন—যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই পথযাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত তাঁর মাকে শক্তি ও প্রেরণা জুগিয়েছে।
পোস্টের শেষাংশে তারেক রহমান তাঁর মা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁর মায়ের রুহকে শান্তি দান করেন এবং তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই যেন সবাই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পায়।