রাজধানীর উত্তরায় একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ছয় জনে। এ ঘটনায় আহত হয়ে আরও ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ খবর নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ। তিনি জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)।
নিহত আফরোজার মামাতো ভাই মো. আবু সাইদ জানান, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন। তার স্ত্রী আফরোজা আক্তার ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ। ওই দম্পতির দুই ছেলে ফাইয়াজ ও রাফসান।
স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী হওয়ায় তাদের দুই ছেলে উত্তরাতে নানির বাসায় থাকত জানিয়ে আবু সাইদ বলেন, 'শুক্রবার অফিস বন্ধ থাকায় গতরাতেই ছোট ছেলেকে নানীর বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসে। এরপর আজ সকালে তাদের বাসায় আগুন লাগার খবর শুনতে পাই। পরবর্তীতে হাসপাতালে এসে তাদের মৃত্যুর খবর জানতে পারি।'
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন সকাল ৮টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।