বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকেই একে একে নতুন কর্মসূচি, পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের রূপরেখা প্রকাশ করতে শুরু করে বিএনপি।
রাজধানীর হোটেল লেকশোরে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী থিম সংয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।
নির্বাচনী থিম সংয়ে বিএনপির বহুল পরিচিত স্লোগান—‘ভোট দিবো কিসে, ধানের শীষে’ ও ‘সবার আগে বাংলাদেশ’—সংগীতের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, 'পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনের মধ্যে দৃঢ় বন্ধন থাকে, তেমনি একটি শক্ত রাষ্ট্রীয় দর্শনের ওপর আমরা বিশ্বাস করি। সেই দর্শন হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, যার প্রতীক ধানের শীষ।'
তিনি বলেন, 'ধানের শীষ এখন আর শুধু একটি নির্বাচনী প্রতীক নয়; এটি গ্রাম বাংলার জীবন ও সংস্কৃতির প্রতীকে পরিণত হয়েছে। তবে নানা বিধিনিষেধের কারণে আগের মতো পাড়া-মহল্লায় নির্বাচনী উৎসবের পরিবেশ নেই।'
অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, 'সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবারও ফিরে আসবে।'
ধানের শীষ প্রতীক প্রসঙ্গে তিনি আরও বলেন, 'ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেননি, ভবিষ্যতেও কেউ পারবে না। এই প্রতীক মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।'