বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে তিনি সেখানে উপস্থিত হন।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সাইফুল আলম খান মিলন।
বিএনপির পক্ষে গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ। তারেক রহমান নিজেও সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্বাসকষ্ট নিয়ে গত ২৩ নভেম্বর শেষবারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরদিন বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।