শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কর্মসূচির কথা জানান। একই সঙ্গে তিনি তারেক রহমানের আগামী শনিবারের (২৭ ডিসেম্বর) কর্মসূচিও তুলে ধরেন।
শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবরে জিয়ারত করবেন। এরপর তিনি ভোটার হওয়ার প্রক্রিয়ায় অংশ নেবেন। পরে জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) যাবেন।
তবে তারেক রহমান নির্বাচন কমিশনে নাকি সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে জানানো হয়নি।
উল্লেখ্য, আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে।