শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন দুই সিনেমা ‘রাণাবলী’ ও ‘মাইসা’-র অ্যাকশন ও নাচের দৃশ্যের শুটিংয়ের সময় তিনি নিতম্বে গুরুতর আঘাত পান।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুটিং চলাকালে একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু ছিঁড়ে যায়। আঘাতের পর চিকিৎসকরা তাকে দ্রুত চিকিৎসা নেন এবং আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়। তাই একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন গুরুতর আঘাত চিকিৎসকদেরও বিস্মিত করেছে। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ তাকে সব ধরনের শুটিং থেকে বিরত থেকে বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার ক্যামেরার সামনে ফিরতে পারবেন।
এর আগে ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়েও আহত হয়েছিলেন রাশমিকা। সে সময় পায়ে আঘাত পেলেও চিকিৎসা শেষে কাজে ফিরে আসেন তিনি।
বর্তমানে রাশমিকার অসুস্থতার কারণে তাঁর নতুন সিনেমাগুলোর শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা।