গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সোলেমান নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলেই জরিমানা আদায় করা হয়।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ধ্বংস ও জনভোগান্তি সৃষ্টিকারী অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।