ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার পর রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল থেকে এনসিপির নেতা-কর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাঁর বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, মিষ্টি আশ্বাসে জনগণ আর সন্তুষ্ট নয় এবং ব্যর্থতার কারণ উপদেষ্টাকেই ব্যাখ্যা করতে হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, প্রশাসন, গণমাধ্যম, ব্যবসা ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগীরা সক্রিয় রয়েছে, যারা হাদির মতো নেতাদের বিরুদ্ধে হামলার পরিবেশ তৈরি করছে। তিনি বলেন, এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল বলেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাই প্রমাণ করে দেয় যে দেশে এখনো জুলাইয়ের শত্রু, সংস্কারবিরোধী শক্তি ও ন্যায়বিচারের প্রতিপক্ষ সক্রিয় রয়েছে। তাঁর দাবি, দেশে আবারও ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে এবং আধিপত্যবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহিদুল ইসলাম, জাতীয় শ্রমিকশক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদসহ অন্যান্য নেতা-কর্মী।