দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হলেও হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মারা গেছে মোট ৮২০ জন। এর মধ্যে হামের উপসর্গে ৭২৫ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এছাড়া এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।