সংসদে তারকাখ্যাতি পাওয়া সদস্যদের মধ্যে বরাবরই আলাদা পরিচিতি রয়েছে বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের। এবারও সংসদে তার উপস্থিতি ও কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে আলোচনা। তারকাখ্যাতির পাশাপাশি সংসদীয় ভূমিকাতেও নজর কাড়ছেন এই অভিনেত্রী।
হালকা নীল রঙের সাদামাটা শাড়িতে সংসদে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি এমপি কঙ্গনা। তবে পোশাকের সরলতার আড়ালে তার অনুষঙ্গগুলো ছিল বেশ দামি।
কঙ্গনার সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে কালো রঙের বিলাসবহুল ‘হার্মিস বার্কিন’ ব্যাগ। সঙ্গে ছিল রোলেক্সের একটি ঘড়ি।
আর রোদ বৃষ্টি সামলাতে হাতে ছিল নকশা করা ছাতা।
এদিন কঙ্গনার পরনে ছিল উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী এরি সিল্কের হালকা নীল শাড়ি।
এর সঙ্গে সাদা ছোট হাতার ব্লাউজ পরেছিলেন তিনি। সাজে ভারী গয়না না রেখে বেশ সাদামাটাভাবেই নিজেকে উপস্থাপন করেন অভিনেত্রী।
তবে শাড়ির সরলতার সঙ্গে তার ব্যাগ ও ঘড়ির বিলাসবহুলতা তৈরি করে আলাদা বৈপরীত্য।
কঙ্গনার হাতে থাকা কালো ‘হার্মিস বার্কিন’ ব্যাগটি তৈরি টোগো লেদার দিয়ে। ব্যাগটিতে রয়েছে হার্মিসের পরিচিত টপ-হ্যান্ডেল নকশা এবং সোনালি রঙের ধাতব অলংকরণ।
ফারফেচে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ধরনের ব্যাগের দাম প্রায় ৩৫ লাখ টাকা। কঙ্গনার হালকা নীল শাড়ির সঙ্গে কালো ব্যাগটি তাঁর পুরো সাজে বেশ চোখে পড়ার মতো একটি বৈপরীত্য তৈরি করেছে।
ব্যাগের পাশাপাশি কঙ্গনার হাতের ঘড়িটিও কম দামী নয়। তাঁর হাতে দেখা যায় রোলেক্সের ‘লেডি-ডেটজাস্ট’ মডেলের একটি ঘড়ি। ঘড়িটির ডায়াল ছিল চকলেট-বাদামি রঙের।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ঘড়িটির আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ টাকা। ফলে সাধারণ শাড়ির সাজেও কঙ্গনার উপস্থিতিতে যোগ হয়েছে বিলাসিতার ছোঁয়া।
সাজের সঙ্গে ব্যবহারিক অনুষঙ্গ হিসেবেই ছিল একটি ছাতা। কঙ্গনার হাতে দেখা যায় ‘গুড আর্থ’-এর প্রিন্ট করা ছাতা। এর দাম প্রায় ৬ হাজার ১০০ টাকা।
অর্থাৎ শাড়ি ছিল তুলনামূলক সাধারণ, কিন্তু ব্যাগ, ঘড়ি ও ছাতাসহ পুরো সাজের অনুষঙ্গগুলোই ছিল নজরকাড়া।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও নিয়মিত আলোচনায় থাকেন কঙ্গনা রানাওয়াত। সাম্প্রতিক সময়ে তাঁর বিভিন্ন মন্তব্য ও বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা হয়েছে।
২০২৪ সালের মার্চে বিজেপিতে যোগ দেন কঙ্গনা। একই বছর ভারতের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
অভিনয়ের পাশাপাশি সংসদীয় কর্মকাণ্ডেও সক্রিয় কঙ্গনার ফ্যাশন পছন্দও প্রায়ই সংবাদমাধ্যমের আলোচনার বিষয় হয়ে ওঠে। এবারও তাঁর সাদামাটা শাড়ির আড়ালে থাকা দামি ব্যাগ ও ঘড়িই সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
সদ্য সংবাদ/এসআর