আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ৪৮ ঘণ্টা অতিক্রম হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাজনৈতিক নেতা–কর্মীদের ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়নি।
এ পরিস্থিতিতে রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যানার ও ফেস্টুন উচ্ছেদে অভিযান শুরু করে প্রশাসন।
অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন। অভিযানের সময় উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো ব্যানার, ফেস্টুন ও প্রচারপত্র অপসারণ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার পর সকল ধরনের ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রূপগঞ্জে তা বাস্তবায়ন হয়নি। এজন্য আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আশা করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই উপজেলার সব ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।