রংপুরে নির্বাচনের ঠিক আগমুহূর্তে দুটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রগুলোর নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তারাগঞ্জ উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসব সিসি ক্যামেরা চুরি হয়।
ক্ষতিগ্রস্ত কেন্দ্র দুটি হলো কুশা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্র থেকে দুটি করে মোট চারটি সিসি ক্যামেরা খোয়া গেছে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন। তিনি জানান, সকালে ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোনাব্বর হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যেই চুরি হওয়া ক্যামেরার পরিবর্তে নতুন সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও পর্যবেক্ষণ কার্যক্রম স্বাভাবিক রাখা যায়।