অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি এসেছে। ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরে একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। বিগত অর্থবছরে একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন ডলার।
শুধু চলতি মে মাসের প্রথম ৯ দিনেই দেশে এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮৬৪ মিলিয়ন ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১ শতাংশ।
এ ছাড়া ৭ থেকে ৯ মে—মাত্র তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৭ মিলিয়ন মার্কিন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজীকরণ এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এর প্রভাব বৈদেশিক মুদ্রার রিজার্ভেও পড়ছে বলে মনে করছেন তারা।