রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর এলাকা থেকে। সেখানে ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৩১, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৪১, তেজগাঁওয়ে ৫২, গুলশানে ৫৫ এবং উত্তরা এলাকায় ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া সিটিটিসির অভিযানে ৮ জন এবং গোয়েন্দা বিভাগের অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১১ হাজার ১২৭টি ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদসহ বিভিন্ন সরঞ্জাম।
উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে একটি সাউন্ড বক্স, কাটিং প্লাইয়ার্স, প্লাস্টিকের কাঁচি, কলকি, ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার, পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড এবং নগদ ১৭ হাজার ৮০০ টাকা।
ডিএমপি আরও জানায়, অভিযানে দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।