এইচএসসি-২০২৬ পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে জামালপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ কলেজ। ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার কলেজগুলোর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং পরীক্ষার্থীদের পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
কলেজের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ১ হাজার ২৩২ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্যে ২৩ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ২০৯ জনের মধ্যে পাস করেছেন ১ হাজার ৩ জন। পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০৯ জন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ৪৭৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৩৬ জন। এ বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৪ জন। মানবিক বিভাগে ৪৪৭ জনের মধ্যে পাস করেছেন ৩৬৭ জন। এ বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০৯ জনের মধ্যে পাস করেছেন ২০১ জন। এ বিভাগে পাসের হার ৬৬ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন চারজন।
কলেজ কর্তৃপক্ষের মতে, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক শিক্ষা কার্যক্রমের ফলে এ সাফল্য এসেছে। এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করছেন তাঁরা।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বার্সেদ বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষায় আমাদের কলেজের শিক্ষার্থীদের ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে আরও ভালো করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।
‘মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমরা মনে করি। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের গুণী মানুষ হিসেবে গড়ে তুলতে সরকারি আশেক মাহমুদ কলেজ বদ্ধপরিকর। এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’
সদ্য সংবাদ/ এরআর