চট্টগ্রামের মিরসরাই থেকে সাগরপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা সার দুটি ট্রাকে করে নেওয়া হচ্ছিল।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকার ৪০ নম্বর গেট থেকে ভোর সাড়ে চারটার দিকে সারবোঝাই দুটি ট্রাকসহ আরও চারজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, দুটি ট্রাকে থাকা ইউরিয়া সার সাগরের কিনারে ট্রলারে বোঝাই করে মিয়ানমারে নেওয়ার প্রস্তুতি চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের সদস্যরা কয়েকটি ট্রলারে থাকা অর্ধেকের বেশি সার নিয়ে পালিয়ে যান। তবে ট্রাকে থাকা ৫০ কেজি ওজনের ৩০১ বস্তা সার জব্দ করা হয়। এসব সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মিরসরাই দিয়ে সাগরপথে সার পাচারের ঘটনা ঘটছে। মধ্যরাতে দুটি ট্রাকে করে ইউরিয়া সার সাগরপথে মিয়ানমারে নেওয়ার গোপন সংবাদ পেয়ে পুলিশের কয়েকটি দল একযোগে অভিযান চালায়। চার ঘণ্টার অভিযানে দুটি ট্রাকে থাকা ৩০১ বস্তা সারসহ আটজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/ এরআর