চট্টগ্রামের মিরসরাইয়ে ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফিয়ারলেস মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার হিঙ্গুলী কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষার সুষ্ঠু পরিচালনা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিদর্শন করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, দেলোয়ার হোসেন, মোশাররফ হোসেন, নাজমুল হক সোহাগ, কামরান সরোয়ার্দী, মুসলিম উদ্দিন, রহিম উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল মোতালেব, সেলিম হাজারী, সাইফুল ইসলাম, মেহেদী হাসান মিঠু, শাহাদাত হোসেন মিশু, সাজেদুল করিম জিহাদী, জুয়েল দাশ, ইব্রাহিম খলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরীক্ষা পরিদর্শন শেষে দিদারুল আলম মিয়াজী বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের এ ধরনের মেধাবৃত্তি আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে তাঁরা সংগঠনটির পাশে থাকবেন।
ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের অন্যতম উদ্যোক্তা ফয়সাল তৈমুর বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীরাও যেন নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়, সেটিই তাঁদের লক্ষ্য। শিক্ষার্থীদের উৎসাহিত করা ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে সংগঠনটি।
আয়োজন সফল করতে সহযোগিতা করায় শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, ফিয়ারলেস স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবৃত্তি পরীক্ষাসহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সদ্য সংবাদ/ এরআর