প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
মামলাটি করেছেন ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদী আলম প্রিন্স। গত ১২ জুলাই গুলশান থানায় দায়ের করা এ মামলায় ববিসহ চারজনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, একটি প্রতিষ্ঠানের জন্য সরবরাহ করা পাঁচটি লিথিয়াম আয়রন ব্যাটারির মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করা হয়েছে। পাওনা টাকা চাইতে গেলে বাদীকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, মামলার পর আদালতে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে চিত্রনায়িকা ববির জামিন মঞ্জুর করেন আদালত।