প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে জাইকার পাঁচ সদস্যের প্রতিনিধিদল এ সাক্ষাৎ করেন।
সাক্ষাতের শুরুতে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার জন্য উপদেষ্টা জাইকা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
সরকারের ১৮০ দিনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতের মতো আগামী দিনগুলোতেও জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন।
জাইকা প্রতিনিধি দলের প্রধান মি. টোমোহিদে ইচিগুচি বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাপান বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও কাজ করতে আগ্রহী। এ জন্য তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কর্মকর্তাদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে তাদের কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে।
প্রতিনিধিদল উপদেষ্টাকে বাংলাদেশে চলমান জাইকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও অবহিত করেন।
জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে টেকসই রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথে জাপান গুরুত্বপূর্ণ সহযোগিতা করবে বলে আশা করা যায়।