ইতালির কাতানিয়া শহরে রেস্টুরেন্টে ফেলে যাওয়া বিপুল পরিমাণ অর্থ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি প্রবাসী মো. ইরান শিকদার।
মঙ্গলবার বিকেলে ‘লা বারকা’ রেস্টুরেন্টে খাবার খেতে যান উজবেকিস্তানের দুই পর্যটক। খাবার শেষে তারা স্থান ত্যাগ করলেও অসাবধানতাবশত সঙ্গে থাকা একটি ব্যাগ রেস্টুরেন্টেই রেখে যান। ব্যাগটির ভেতরে ছিল প্রায় ১০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৫ লাখ টাকা। একই সঙ্গে ছিল তাদের পাসপোর্ট ও প্রয়োজনীয় বিভিন্ন নথি।
রেস্টুরেন্টে কর্মরত ইরান শিকদারের নজরে আসে ব্যাগটি। পরে তিনি এর মালিকদের খুঁজতে আশপাশে খোঁজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে দুই পর্যটক আবার রেস্টুরেন্টে ফিরে আসেন।
এ সময় ইরান শিকদারের কাছে ব্যাগটি অক্ষত অবস্থায় দেখতে পেয়ে স্বস্তি ফিরে আসে পর্যটকদের মধ্যে। নগদ অর্থ, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ পুরো ব্যাগ তাদের হাতে তুলে দেন তিনি।
ব্যাগটি ফিরে পেয়ে উজবেকিস্তানের ওই দুই পর্যটক ইরান শিকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার সততা ও মানবিক আচরণে তারা মুগ্ধ হন।
মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইরান শিকদার ওমর আলী শিকদারের ছেলে। ইতালিতে রেস্টুরেন্টে কাজের পাশাপাশি তিনি সিসিলি প্রদেশে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত রয়েছেন।
বিদেশের মাটিতে বিপুল অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েও তা আত্মসাৎ না করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় প্রশংসিত হয়েছেন এই প্রবাসী বাংলাদেশি।
সদ্য সংবাদ/এসএস