পটুয়াখালীর দশমিনা, গলাচিপাসহ জেলার কোথাও বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। এরপরও কেউ রাতের বেলায় ককটেল বিস্ফোরণ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে স্লোগান লিখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে রাজনৈতিক দল ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতারা, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম ইমরান শাহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটানোর আহ্বান জানান নুরুল হক নূর। তিনি বলেন, তরুণদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে দশমিনার চারটি খেলার মাঠ সংস্কার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগও চলমান রয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দীর্ঘ বিরতির পর নতুন করে উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের মাধ্যমে এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার সাতটি ইউনিয়নের দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতির প্রতিযোগিতার প্রথম ম্যাচে বহরমপুর ইউনিয়নকে ২-১ সেটে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে আলীপুর ইউনিয়ন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলীপুর ও রণগোপালদী ইউনিয়নের চারটি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
সদ্য সংবাদ/এজে